ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট: সিরাজগঞ্জে বিভিন্ন দপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক জরিমানা ও হয়রানির প্রতিবাদে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা ও বেকারি মালিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলামের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বেকারির মালিক, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন সড়ক, পার্ক, রাস্তার মোড় এবং স্কুল-কলেজের সামনে যেসব খাবার বিক্রি হয়, সেগুলোও সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত গ্রহণ করছে। অথচ সেখানে খাদ্যের মান যাচাই বা নিয়মিত অভিযান পরিচালনা করা হয় না। শুধুমাত্র হোটেল ও রেস্তোরাঁকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ব্যবসায়ীদের মধ্যে বৈষম্যের অনুভূতি সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, তারা খাদ্যের মান নিয়ন্ত্রণের বিপক্ষে নন। তবে ভবিষ্যতে কোনো ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনার আগে ও সময়ে রেস্তোরাঁ মালিক সমিতির একজন প্রতিনিধি, চেম্বার অব কমার্সের একজন প্রতিনিধি এবং স্যানিটারি ইন্সপেক্টরকে সঙ্গে রাখার দাবি জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা পূর্বঘোষিত ২৯ জুলাই (বুধবার)-এর সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।




