ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্র :
সিরাজগঞ্জে ৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) নিয়োগ পরীক্ষা-২০২৬-এর মৌখিক পরীক্ষার সময়সূচি দ্রুত ঘোষণা এবং নিয়োগ কার্যক্রম সম্পন্নের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিজ কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। গ্রহণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন ফুলজোড় ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আওয়াল সেখ, শহিদুল বুলবুল কোনাবাড়ী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসলাম হোসেন, বরফাতুল্লাহ ইয়াজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের মোঃ আব্দুল মোমিন, ভদ্রঘাট শামছুন মহসীন স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইয়ামিন হোসেন, গ্রাম পাঙ্গাসি ডিগ্রী কলেজের মোঃ শাহীনুল ইসলাম, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজের মোঃ আইনুল হক, এছাড়াও মোঃ মাসুদ রানা, মোঃ নূরুল ইসলাম সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ১২ হাজার ৯৫১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের পদ শূন্য থাকায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষার মান ও সুশাসন ক্ষতিগ্রস্ত হচ্ছে।এতে আরও উল্লেখ করা হয়, এ সংকট নিরসনের লক্ষ্যে ৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) নিয়োগ পরীক্ষা-২০২৬ আয়োজন করা হয়। গত ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৪৮ হাজার ৯৪৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২২ এপ্রিল প্রকাশিত ফলাফলে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।কিন্তু ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পার হলেও এখনো মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা কিংবা নিয়োগ কার্যক্রম সম্পন্নের বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে হাজারো উত্তীর্ণ প্রার্থী অনিশ্চয়তা ও মানসিক ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি স্থায়ী নেতৃত্বের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে ৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) নিয়োগ পরীক্ষা-২০২৬-এর মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।




